মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাজিপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
এ ঘটনায় ইতোমধ্যে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
এদিকে, পরীক্ষার হলে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
হামলার শিকার সাংবাদিকদের একজন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ। তিনি শুক্রবার (২৮ আগস্ট) এ ঘটনায় গাংনী থানায় মামলা করেছেন।
মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
পরীক্ষায় নকলের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।