কাউন্সিলর প্রার্থী ব্যানার লাগানোয় কারও কারও গা জ্বলছে’: আবু সরকার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম
কাউন্সিলর প্রার্থী ব্যানার লাগানোয় কারও কারও গা জ্বলছে’: আবু সরকার

আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবু সরকার শুভেচ্ছা জানিয়ে পৌরসভার তার নির্বাচনি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার টাঙিয়েছেন। তবে রাতের আঁধারে কে বা কারা তার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। শহরবাসীর মধ্যে অনেকের অভিযোগ, সম্প্রতি সৈয়দপুর শহরে ব্যানার ছিঁড়ে ফেলার একটি প্রবণতা দেখা দিয়েছে। তবে সব প্রার্থীর ব্যানার বা পোস্টার ছেঁড়া হচ্ছে না। নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রার্থীর ব্যানার লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সরকার  দীর্ঘদিনের পরীক্ষিত একজন বিএনপি নেতা। তিনি বলেন, গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য তিনি নিরলসভাবে মাঠে থেকে কাজ করেছেন। দলের দুর্দিনেও তিনি মাঠে ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আবু সরকার বলেন, ‘গত ১৭ বছর আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নিরলসভাবে মাঠে থেকে কাজ করেছি। আজ অনেক নেতা মাইকে বড় বড় ভাষণ দিচ্ছেন। অথচ তাদের মধ্যে অনেকেই দলের দুর্দিনে আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে পথ চলেছেন। আর আমি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সৈয়দপুরের মাঠে সাহসিকতার সঙ্গে কাজ করে গেছি।

তিনি আরও বলেন,আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যানার লাগানোর পর কতিপয় ব্যক্তির গা জ্বলছে।

ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে ‘জঘন্য কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর নিন্দা জানান আবু সরকার। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ অনুসরণ করে যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সচেতন মহল মনে করছে, প্রার্থীদের প্রচারসামগ্রী নষ্ট করার মতো ঘটনা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। তবে ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থী আবু সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে