ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সভায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. জিয়াউল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, আব্দুল আউয়াল ফরাজী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিয়ে জনসেবার মান নিশ্চিত করতে হবে। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, চলমান প্রকল্প বাস্তবায়নে গতি আনা এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।