ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বালিপাড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।
দুর্ঘটনায় আহত চারজন হলেন ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। তাঁদের প্রথমে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হৃদয় ও নাবিল ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদও দুর্ঘটনায় দুইজন নিহত ও আহতদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।