ঝিনাইদহ শৈলকুপায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যায়। খেলা শেষে পিকআপে করে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়।তাদের মধ্যে ১৯ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতেশাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে।শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনার শিকার আহতরা চিকিৎসা নিয়েছেন। আহত ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি রাস্তার পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।