বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কা, নিহত ২

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম
বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর এলাকায় কিনাম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-শেরপুর সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মামুন হোসেন (৩৫) এবং নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা হামজা (৩০)। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে কয়েকজন ব্যক্তি সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে ট্রাকের নিচে মেরামতের কাজে থাকা তিনজন আটকা পড়েন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর হাইওয়ে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নিচে আটকা পড়া আরও দুজনকে উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বিকল ট্রাকের নিচে মেরামতের কাজ করার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এতে তিনজন আটকা পড়েন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় আরও দুজনকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে