গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় বিগত সরকারের: জয়নুল আবেদীন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় বিগত সরকারের: জয়নুল আবেদীন

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিগত সিদ্ধান্তকে দায়ী করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম, ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার প্রভাব এখন দেশের বিভিন্ন খাতে পড়ছে। এর ফলে অর্থনীতির পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ খাতেও নানা সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদীন বলেন, টানা ১৭ বছর ক্ষমতায় থাকার সময়ে বিগত সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, ছাত্রসমাজ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করেছে। একই সময়ে দেশের ব্যাংক-বীমাসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোও নানা সমস্যার মধ্যে পড়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে। সরকারকে ব্যর্থ প্রমাণের নানা চেষ্টা থাকলেও এসব প্রতিকূলতা মোকাবিলা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অতীতে সৃষ্টি হওয়া সংকটের কারণে সরকারের অনেক পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগছে। দেশের জ্বালানি খাত প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দেশের নিজস্ব গ্যাসসম্পদ ও অন্যান্য সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে জ্বালানি খাতে আরও স্থিতিশীলতা আনা সম্ভব হতো। অতীতের বিভিন্ন সিদ্ধান্তের কারণে এ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে একটি নির্দিষ্ট ভিশন ও রোডম্যাপ নিয়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন খাতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।

শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জয়নুল আবেদীন বলেন, প্রতিটি উপজেলা সদরে একটি করে মানসম্মত কলেজ সরকারি করার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখাও জরুরি। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়া একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, সদস্য সচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহীন খান, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভার আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আপনার জেলার সংবাদ পড়তে