চিরিরবন্দরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার রানীরবন্দর নশরতপুর বালাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত কারাদন্ড ও অর্থদন্ড করেন।
থানা সুত্রে জানা গেছে, খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রানীরবন্দরের ঔষধ ব্যবসায়ী মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে একটি চেম্বার পরিচালনা করে চট্রগ্রামের ডাঃ রবিউল ইসলাম (ডি.এ.এম.এস) এর প্যাড ব্যবহার করে সেখানে নিয়মিত রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন দিতেন। একজন রোগীর ভূল চিকিৎসা করায় ওই রোগী ভোক্তা অধিকারের কাছে অভিযোগ দিলে পুলিশ ওই ভূয়া চিকিৎসককে আটক করে। মুঠোফোনে ডাঃ রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও এ বিষয়ে তিনি কাউকে কোনো অনুমতি দেননি। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।