‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’

কলমাকান্দায় বিএনপি নেতা পলাশের বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
কলমাকান্দায় বিএনপি নেতা পলাশের বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যকে সামনে রেখে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহমেদ পলাশের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির দিকনির্দেশনায় ইউনিয়নভিত্তিক সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে বামনগাঁও এলাকায় ফলজ, বনজ ও ভেষজ ৫০০টি গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে খারনৈ ইউনিয়নে আরও ৩ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রতিটি পরিবার ও প্রতিবেশীকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। স্থানীয়রা এ উদ্যোগকে তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মোস্তাক আহমেদ পলাশ বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য হলো খারনৈ ইউনিয়নকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা।” তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণের চেতনা থেকে এ কর্মসূচি পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শহীদ উল্লাহ শহীদ, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ আকঞ্জি, সদস্য সচিব মো. আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হানিফ মিয়া, শ্রমিক দলের নেতা মো. নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে