চার খুনের দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম
চার খুনের দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন ত্রান ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায়  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

দুলু বলেন, "এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগতেছে।’ 

দুলু বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যি করে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে উন্মোচিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। সে কারণে হয়তো একটু সময় লাগছে, কারণ এত বড় একটা হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নাই। আমরা সেই জন্য একটু সময় নিচ্ছি, আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচার কাজ শেষ করতে পারব।"

এসময় দুলু হাসপাতাল প্রসঙ্গে বলেন, ‘গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য কতটা কার্যকরী হয়েছে, কতটা কার্যকরী হচ্ছে না, কেন হচ্ছে না সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি এসেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে আইসিইউ বেডের একটা দাবি ছিল। আমরা অ্যানেস্থেসিয়ার অভাবে আমরা দিতে পারি নাই। ইতিমধ্যে পদায়ন হয়েছে। আমরা চেষ্টা চালিয়েছি। আমি আশা করি আগামী এক মাসের ভিতরে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব। 

দুলু বলেন, ‘জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। আমরা নিয়োগের মধ্যে চলে গিয়েছি। অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে গেলে, এই হাসপাতালের যে চাহিদা আছে, আমরা সেগুলোকে সহযোগিতা করে যাতে আমি এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্যসেবার যাতে যে সুযোগ সেগুলো যাতে তৈরি করে দিতে পারি। আমার আন্তরিকতা রয়েছে, আপনারা সবাই সহযোগিতা দিলে আমরা অল্প কিছুদিন মধ্যে আরো কিছু সেবার দ্বার উন্মোচন করতে সক্ষম হব।’  পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। সেখানে হাসাপাতালেরি বিভিন্ন সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রহন করেন।  এর আগে তিনি নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ, ডিসি ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্ম কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গেল ২১ আগস্ট মধ্যরাতের পরে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। এ ঘটনায় সিদ্ধার্থ  এবং মুগ্ধদাস নামের গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।  তবে নয় দিনের মাথায় কারাগার থেকে ইউরিনের স্যাম্পল সংগ্রহ করায় ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনাই সীমান্ত এবং বিদ্যুৎ নামে দুইজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে