সাভারে গোয়েন্দা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম
সাভারে গোয়েন্দা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা প্রাইভেটকারটির মালিক বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় একটি প্রাইভেটকারের কয়েকজন আরোহী এক রিকশাচালককে মারধর করছিলেন। এ সময় এসবির এসআই আলতাফ হোসেন বাধা দিলে তার সঙ্গে প্রাইভেটকারের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ডেকে এনে আলতাফের ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সাভারের আমিন বাজারে এসবি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে