শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফেসবুক তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। সরকারের এ উদ্যোগকে শিক্ষকরাও অত্যন্ত ইতিবাচক বা ভালোভাবে দেখছেন।
তিনি বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত। তারা শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব একটা নেই। তবে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়া অসচেতনভাবে ব্যবহার করার কারণে শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ কারণে নীতিমালা থাকাটা জরুরি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের এমন কোনো উক্তি বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করে কিংবা শিক্ষার্থীর কোনো ক্ষতির কারণ হয়। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। দেশের শিক্ষকসমাজও সরকারের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।