পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল হালিম এবং সাব-ইন্সপেক্টর নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবুজিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামের একজনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, উপজেলার ছোট বুইচাকাঠী গ্রামে পৃথক এক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মো: রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামে আরও এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় নাজিরপুর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নাজিরপুরে মাদক কারবারি কিংবা সেবনকারী-কাউকেই ছাড় দেওয়া হবে না। নাজিরপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফরকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।