৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাড়ির সামনে স্বর্নকারের উপর হামলা, রামেকে মৃত্যু

এফএনএস (আব্দুল আজিজ; নওগাঁ) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৬ পিএম
বাড়ির সামনে স্বর্নকারের উপর হামলা, রামেকে মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্নকার নিহত হয়েছে। এসময় তার কাছে থেকে ৬ ভরি স্বর্ণ ও ৭ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে । গতকাল রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর উপজেলার দুলালপাড়া তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি বাজারে দত্ত জুয়েলার্স নামে একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো গত কাল রাত ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন অলিফ। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি কেবলই ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

আপনার জেলার সংবাদ পড়তে