টাঙ্গাইলের দেলদুয়ারে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে এক মুদি দোকানি। আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে দোকানের ভেতর নিয়ে ধর্ষনের চেষ্টা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বেতঝা গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের পিতা প্রবাসী হওয়ায় চাচা নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বেতঝা গ্রামের এক প্রবাসীর শারীরিক প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে বাড়ীর পাশে খন্দকার তাহের আলীর (৪৫) মুদি দোকানে যায়। তাহের আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নেয় পরে ফ্রিজ থেকে একটি পাইপ আইসক্রিম বের করে তার হাতে দিয়ে শারিরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। প্রতিবন্ধী শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতাব্বররা ধামাচাপার জন্য গোপনে দুই দফা শালিসী বৈঠকের আয়োজন করেন। কিন্তু ঘটনাটি দ্রুত স্থানীয় মিডিয়া কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়। দলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ধর্ষন চেষ্টার ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে ঘটলেও অভিযোগ পেয়েছি সোমবার রাতে। পরে তদন্ত স্বাপেক্ষে রাতেই মামলা নথীভূক্ত করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তবে ধরতে অভিযান অব্যাহত আছে।