শ্রীমঙ্গলে হাঁস শিকার করতে এসে বনবিড়ালের দুই বাচ্চা আটক

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৫ পিএম
শ্রীমঙ্গলে হাঁস শিকার করতে এসে বনবিড়ালের দুই বাচ্চা আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে হাঁস শিকার করতে এসে দুইটি বনবিড়ালের বাচ্চা মানুষের হাতে আটক হয়েছে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা বাচ্চা বনবিড়াল দুটি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী  বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার  দিকে শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর এলাকায় আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সমর মোদক জানান, দুপুরের দিকে হঠাৎ বাড়ির হাঁসের চিৎকার শুনে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। এ সময় তারা দেখতে পান, কয়েকটি বনবিড়াল বাড়ির হাঁস শিকার করার চেষ্টা করছে। বনবিড়ালগুলো সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। বাড়ির লোকজন এগিয়ে গেলে  মা বনবিড়ালটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা দুইটি বাচ্চা বনবিড়ালকে আটক করে রাখা হয়।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। তারা বাচ্চা বনবিড়াল দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর বনবিড়ালগুলোকে নিরাপদে শ্রীমঙ্গল বনপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বনবিড়াল সাধারণত বন, ঝোপঝাড়, বাঁশঝাড় কিংবা গ্রামাঞ্চলের নিরিবিলি এলাকায় বিচরণ করে। ইঁদুর, ব্যাঙ, পাখি ও ছোট প্রাণীসহ বিভিন্ন ধরনের প্রাণী এদের প্রধান খাদ্য। খাবারের সন্ধানে কখনো কখনো বনবিড়াল মানুষের বসতবাড়ির কাছাকাছিও চলে আসে। বিশেষ করে বন ও প্রাকৃতিক আবাসস্থলের আশপাশে বসতি সম্প্রসারণ হলে এমন ঘটনা ঘটতে পারে।

সজল দেব বলেন, একটি বনবিড়াল প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে