রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাগমারা উপজেলা অফিসার্স ক্লাব, রাজশাহী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্যোগে পৃথকভাবে এসব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলিম আহমেদকে বাগমারা থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
সেলিম আহমেদ গত ২৭ এপ্রিল ২০২৬ বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। স্বল্প সময়ের কর্মকালেই তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
পৃথক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া বাগমারা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে. বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সেলিম আহমেদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন।
বিদায়ী ইউএনও সেলিম আহমেদ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাগমারায় কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। পরে বাগমারা অফিসার্স ক্লাব, রাজশাহী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।