কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ পিএম
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মেকুরটারী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(৯সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবু বক্কর তাঁর আত্মীয় একই নামের জোলা বক্করের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকায় শিশুটি দরজা খুলে তাঁকে ঘরে বসতে দেয়। একপর্যায়ে বাড়িটি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠে।  এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের গোয়ালঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতরে আবু বক্করকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে জানান। পরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পরে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাজারহাট থানায় নির্যাতিত শিশুর বাবা শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে