গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকার বহুল আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকারকে (৪১) থানা পুলিশ ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে শামীম সরকার নামে আলোচিত এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। সে পাবুর গ্রামের বড় টেক সরকার বাড়ীর শাহজাহান সরকারের পুত্র। এসময় তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১২ (বারো) হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সম্প্রতি এলাকায় মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে। এলাকার উঠতি বয়সী তরুণ ও যুবকরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে এলাকাবাসী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মাদক ব্যবসায়ী শামীম সরকারের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।