চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এই দুটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের উপস্থাপনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন, চিকিৎসা, ছুটি ও রেশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের নিজেদের ও পরিবারের কল্যাণ নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
অপাভ্রান্তে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা গভীরভাবে বিশ্লেষণ করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সার্কেল ও থানার কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), ডিবি ও ট্রাফিক পরিদর্শক এবং জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।