দেশে একদিনে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ পিএম
দেশে একদিনে  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজন চট্টগ্রামের এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।

এ ছাড়া হাম ও উপসর্গ নিয়ে এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।