স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ পিএম
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল

আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালির পূর্বদিকে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরের পানিতে তেলের ছড়িয়ে পড়ার চিহ্ন দেখা গেছে। ইউরোপীয় কপারনিকাস প্রোগ্রামের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আজ শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে মহাকাশ থেকে পাওয়া এসব ছবি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক জলসীমায় তৈরি হয়েছে পরিবেশগত ঝুঁকি। স্যাটেলাইট থেকে সংগৃহীত চিত্রে দেখা যায়, ইরানের মূল ভূখণ্ডের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রের পানিতে দীর্ঘ এলাকা জুড়ে বাদামি রঙের ভাসমান তেলের রেখা স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) তোলা ছবিতে হরমুজ প্রণালির পূর্ব প্রান্তের জলসীমায় প্রথম এই আস্তরণটি শনাক্ত করা হয়।

পরবর্তী দিন বৃহস্পতিবারের চিত্রেও একই অঞ্চলে সমান্তরাল ও আঁকাবাঁকা তেলের বিস্তৃতি নিশ্চিত হয়েছে। সমুদ্র বিশেষজ্ঞদের সহযোগিতায় আন্তর্জাতিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে, পানির ওপর ছড়িয়ে থাকা এই তরল প্রকৃতপক্ষে অপরিশোধিত খনিজ তেল।

সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে সামরিক আঘাত হানা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিযানের ফলে কোনো একটি ট্যাংকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই নিঃসরণ ঘটে থাকতে পারে।

তবে সাগরে তেলের আস্তরণ সৃষ্টির পেছনে ওই সামরিক হামলার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কি না, তা বিশ্লেষকদের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী এই জলপথে তেল ছড়িয়ে পড়ার ফলে আঞ্চলিক সামুদ্রিক বাস্তুতন্ত্র, উপকূলীয় জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক নৌপরিবহনের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে