‘পাবলো’ দিয়ে নতুন পরিচয়ে হানিয়া আমির

এফএনএস বিনোদন | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম
‘পাবলো’ দিয়ে নতুন পরিচয়ে হানিয়া আমির

অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের প্রথম একক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে নতুন এই যাত্রা শুরু করেছেন তিনি। গানটির কথা, সুর ও পরিচালনার দায়িত্বও নিজের হাতে রেখেছেন হানিয়া। ফলে প্রথম গানেই নিজের সৃজনশীলতার আলাদা পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন এই তারকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) হানিয়ার প্রথম গানটি প্রকাশিত হয়। পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মানুষের নানা মন্তব্য ও সমালোচনার প্রসঙ্গ উঠে এসেছে। বিশেষ করে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা সমালোচকদের উদ্দেশে গানের কথায় আত্মবিশ্বাসী জবাব দিয়েছেন তিনি।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হানিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন। এতে একদিকে যেমন সমালোচকদের নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গ রয়েছে, অন্যদিকে রয়েছে তার বিপুলসংখ্যক ভক্তের কথাও। যারা তাকে অনুসরণ করেন এবং নানা জায়গায় তার প্রতি সমর্থন জানান, তাদের কথাও তুলে ধরা হয়েছে গানে।

‘পাবলো’র মাধ্যমে হানিয়া স্পষ্ট করেছেন, সমালোচকদের নেতিবাচক মন্তব্য তাকে সহজে প্রভাবিত করে না। বরং এসব মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন তিনি।

তবে গানটির শেষাংশে এসে ছিল আরও বড় চমক। সেখানে ভারতের আলোচিত টেলিভিশন তারকা রাখি সাওয়ান্তের একটি ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে। হানিয়ার উদ্দেশে দেওয়া বার্তায় রাখি তাকে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন।

রাখি বলেন, “হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?”

এরপর হানিয়ার প্রশংসা করে রাখি বলেন, তার মুখে ঐশ্বরিক আলো রয়েছে। যারা তার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় গুরুত্ব না দেওয়ার পরামর্শও দেন তিনি। হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার কথাও বলেন রাখি।

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কাছে অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবে আলোচনায় এসেছে। দুই দেশের দুই পরিচিত তারকার এই সংযোগ গানটির প্রতি দর্শকদের আগ্রহও বাড়িয়েছে।

অভিনয়ে এরই মধ্যে পাকিস্তানের বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। এবার ‘পাবলো’ দিয়ে সংগীতেও নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটালেন তিনি। প্রথম গানেই নিজের লেখা ও সুরের পাশাপাশি সমালোচকদের উদ্দেশে সরাসরি বার্তা এবং রাখি সাওয়ান্তের উপস্থিতি, সব মিলিয়ে নতুন এই অধ্যায়ের শুরুতেই চমক তৈরি করেছেন হানিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে