পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৩ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৩ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকির এখনো সন্ধান মেলেনি। দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগে। এতে রাকিবুল ইসলাম রকিসহ আরও দুজন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫)-কে জীবিত উদ্ধার করেন। তবে রকি এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রাকিবুল ইসলাম রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়দের সঙ্গে কাতলাগাড়ী গড়াই নদী থেকে ঈশ্বরদীর রূপপুর পর্যন্ত নৌকা ভ্রমণে যান রকি। পরে নৌকা নিয়ে ফেরার পথে পাকশী পদ্মা নদী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের একটি পিলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে রকিসহ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হন। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত নিখোঁজ রাকিবুল ইসলাম রকির সন্ধান পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে