জনপ্রিয় উপস্থাপিকা ও উদ্যোক্তা ইসরাত পায়েল বিয়ের পিঁড়িতে বসেছেন। গত ৫ জুন শুক্রবার পারিবারিকভাবে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জীবনের জন্য ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পায়েল।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বিয়ের খবর জানিয়ে ইসরাত পায়েল বলেন, বর্তমান সময়ে সুখের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ। স্বামীর সঙ্গে সুখে-দুঃখে একসঙ্গে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জীবনসঙ্গী আল আমিন চৌধুরীর বাড়ি খুলনা জেলায়। পড়াশোনার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষে লন্ডনে ব্যবসায় মনোযোগী হন এবং সেখানে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
স্বামী সম্পর্কে পায়েল বলেন, আল আমিন অত্যন্ত বড় মনের ও ভালো মানুষ। সৎভাবে ব্যবসা করে তিনি যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন বলেও জানান পায়েল।
ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে দেশের উপস্থাপনা জগতের পরিচিত মুখ। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের পর তিনি আলোচনায় আসেন। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।
এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করতে দেখা যায় পায়েলকে। একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি উপস্থাপনাকেই নিজের প্রধান কাজ হিসেবে বেছে নেন। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান তিনি।
উপস্থাপনার পাশাপাশি অল্প বয়সেই উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করেন পায়েল। বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তার বিউটি সেলুন ব্যবসা রয়েছে। শিপিং খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।
বিয়ের পর বর্তমানে লন্ডনে অবস্থান করছেন নবদম্পতি। সেখানে হানিমুনে কয়েকটি দেশ ঘোরার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর আগামী মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে ইসরাত পায়েলের।
ইসরাত পায়েল ও আল আমিন চৌধুরীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাদের ভক্ত, অনুরাগী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।