আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম
আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক

আমতলীতে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার এবং তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আমতলী থানা পুলিশ। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল চরকগাছিয়া গ্রামের মো: বাইজিদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা শাহানুর বেগম (৩৫) ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়।
পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার শাহানুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগত কারণে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হলো না। আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার নারী ও সংশ্লিষ্ট কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের কার্যক্রম চলছে। পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে