চরমোনাই পীর

‘ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ আবারও রুখে দাঁড়াবে’

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ পিএম
‘ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ আবারও রুখে দাঁড়াবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আপনারা কি আবার ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। এমন একটি সময় আসবে, যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন আমরা আবারও রুখে দাঁড়াব।’
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে  রাজারহাট উপজেলা আমীর মাওলানা মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘একমাত্র ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি আসেনি, শান্তি আসবেও না।’ তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। রাজারহাট উপজেলার মানুষের উদ্দেশ্যে ৩জন চেয়ারম্যান প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন, ‘আসুন, আমরা বিভিন্ন সময়ে অন্যদের ভোট দিয়েছি। আজকে আমরা ইসলামের পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করি।’
তিনি আরও বলেন, অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নীতি-আদর্শ অনুসরণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা-উপজেলার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে