চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জনের পর এবার তাঁদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা আইনজীবী সমিতি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, এবং সিনিয়র আইনজীবী মো. ইব্রাহীম, এটিএম মোস্তফা কামাল, হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাড. শামছুল ইসলাম মন্টু বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিনের। গত ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি।
আইনজীবীদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট বিচারকগণ আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তবে এসব হুমকিতে আইনজীবীরা পিছপা হবেন না বলে সভায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। বক্তারা বিচারক ও আইনজীবীদের মধ্যকার পেশাগত দূরত্ব ও সমন্বয়হীনতা দ্রুত আলোচনার মাধ্যমে নিরসনের তাগিদ দেন। একই সঙ্গে আদালতের কার্যক্রমে বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।