মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি”শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধনের পর জেলা প্রশাসন কার্যালয় থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হন জেলার উচ্চপদস্থ কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সরাসরি নেতৃত্বে চাঁদপুর শহরের ব্যস্ততম বিপণীবাগ এলাকায় এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। এছাড়াও জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা রোভার, স্কাউট, বিএনসিসি এবং ‘ক্লীন চাঁদপুর’-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়তে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিজ নিজ বাড়ি, আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।