মুলাদীতে রাসায়নিক রং মেশানো মাছ জব্দ করে মাটিচাপা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
মুলাদীতে রাসায়নিক রং মেশানো মাছ জব্দ করে মাটিচাপা

বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসায়নিক রং মেশানো প্রায় সাড়ে ১৭ মন (৭০০ কেজি) পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের উপস্থিতিতে মাছগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। মজিবুর রহমান বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের মৃত আব্দুল বারেক প্যাদার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাছে রং মিশিয়ে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে মুলাদী বন্দরের পূর্ববাজার পৌর সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার ও মুলাদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদা পোয়া মাছকে কৃত্রিমভাবে লাল রঙের করার জন্য ক্ষতিকর রাসায়নিক রং মেশানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের পূর্ববাজার  এলাকা থেকে প্রায় ৭০০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ নয়াভাঙনী নদীর তীরে গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। 

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, রাসায়নিক রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের মাছ বাজারজাতকরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা বলেন, রাসায়নিক রং দিয়ে মাছ বিক্রি করা ক্রেতাদের সঙ্গে বড় ধরণের প্রতারণা। জনস্বাস্থ্যের হুমকি মাছে রাসায়নিক রং মেশানোর দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থেে ধরণের অভিযান অব্যহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে