কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ধারাবাহিক কঠোর অবস্থানের অংশ হিসেবে পৃথক অভিযান পরিচালনা করে ১৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ, রামকৃষ্ণপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২,৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (আট লক্ষ ঊনআশি হাজার) টাকা।
একই দিন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ বিরানব্বই হাজার) টাকা।
পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর সোমবার প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা কবরস্থান নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য (একষট্টি হাজার ছয়শত) টাকা।
উপরোক্ত পৃথক অভিযানে বিজিবি সর্বমোট (চৌদ্দ লক্ষ বত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অভ্যহত রয়েছে।