চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিক্সা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে সিএনজিযাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়: চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহামায়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ করে সজোরে ব্রেক (হার্ড ব্রেক) করে। এতে পেছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকেও মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অপর দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ত্রিমুখী সংঘর্ষে নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।