সৈয়দপুরে উপজেলা প্রশাসন একাদশ ও রেলওয়ে একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় রেলওয়ে মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় রেলওয়ে একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের ট্রফি অর্জন করেছে সৈয়দপুর উপজেলা প্রশাসন একাদশ। বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের শেষদিকে উপজেলা একাদশের আক্রমণভাগের খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ থেকে প্রথম গোলটি আসে। গোল হজমের পর সমতায় ফিরতে রেলওয়ে একাদশ একাধিক আক্রমণ চালালেও উপজেলা দলের দৃঢ় রক্ষণভাগের কারণে তারা সফল হতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে রেখে উপজেলা একাদশের খেলোয়াড়রা ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দলগত আক্রমণ থেকে আরও একটি গোল করে ব্যবধান ২-০ করে উপজেলা একাদশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উপজেলা প্রশাসন একাদশ। খেলা দেখতে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। পুরো ম্যাচজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কদের হাতে স্মারক ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় কর্মকর্তারা। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, কর্মব্যস্ততার পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। একই সঙ্গে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও আন্তঃসম্পর্ক আরও সুদৃঢ় হয়।