ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার,পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, মুন্সিগঞ্জ জেলা যুবদদল নেতা আতাউর রহমান খান, লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী তিন মাস ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।