নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য স্মারক। প্রাচীন স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন ভবন, বিস্তৃত ক্যাম্পাস ও দীর্ঘদিনের শিক্ষার ঐতিহ্য প্রতিষ্ঠানটিকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। ১৯০৬ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১২১ বছর ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
প্রতিষ্ঠাকালে এর নাম ছিল সৈয়দপুর বাংলা স্কুল। পরবর্তীতে পাইলট প্রকল্পভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত বিদ্যালয়টির প্রাচীন স্থাপত্যশৈলী এখনো পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সময়ের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়া লাগলেও এর ঐতিহ্যবাহী স্থাপত্যের স্বকীয়তা অনেকটাই অক্ষুণ্ন রয়েছে। পুরোনো স্থাপত্য ও আধুনিক শিক্ষা অবকাঠামোর সমন্বয়ে প্রতিষ্ঠানটি আজও স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রেখেছে।
বিদ্যালয়টির রয়েছে প্রশস্ত ক্যাম্পাস ও নিজস্ব খেলার মাঠ। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ দিতে রয়েছে আইএলসি কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। রয়েছে নিজস্ব অর্থায়নে পরিচালিত লাইব্রেরি ও নামাজঘর। পাশাপাশি শিক্ষকদের আবাসিক সুবিধাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।
দীর্ঘ ঐতিহ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পাঠদান করছেন। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সৈয়দপুরের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসের সঙ্গে বিদ্যালয়টির সম্পর্ক অত্যন্ত গভীর। এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি কেবল শিক্ষার্থী তৈরি করেনি, বরং সৈয়দপুরের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রাচীন স্থাপত্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করার পাশাপাশি পুরোনো ঐতিহ্য ও স্থাপত্য সংরক্ষণ করা গেলে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের শিক্ষা ও ঐতিহ্যের আরও গুরুত্বপূর্ণ নিদর্শন। বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মো. জামাল উদ্দিন। আর সভাপতির দায়িত্বে আছেন সাবেক ছাত্রদল নেতা মো. শফিকুল ইসলাম জনি।
শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে ব্যবসায়ী, সমাজসেবক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আক্তার হোসেন ফেকু বলেন, এ অঞ্চলের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার আলো বিলিয়ে আসছে ১২১ বছর ধরে। প্রতিষ্ঠানের মুল ভবন অনেক পুরনো। এটি সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।