সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘মাইগভ (সুএড়া)’ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েরকর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে তথ্য ও সেবা আদান-প্রদানের সেতুবন্ধন হিসেবে মাইগভ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা প্রদানের ক্ষেত্রে মাইগভের ভূমিকা ও ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে নাগরিক সেবা ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাইগভ প্ল্যাটফর্মের বিভিন্ন সেবা, ব্যবহারিক প্রয়োগ ও নাগরিকদের সেবা প্রদানে এর কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়বে। পাশাপাশি মাইগভ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করা সম্ভব হবে।