বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এফএনএস (ফারহান ইসলাম রাজু; গোলাপগঞ্জ, সিলেট) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় পাবেল আহমদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাবেল আমুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

এসআরবি-৯-এর এএসপি ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে পাবেলের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিয়ের আশ্বাস দিয়ে তাকে গোলাপগঞ্জের রানাপিং এলাকার একটি বাসায় নিয়ে যান পাবেল। সেখানে টানা পাঁচ দিন তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে কিশোরী বিয়ের কথা বললে পাবেল অস্বীকৃতি জানান এবং তাকে রাস্তায় ফেলে পালিয়ে যান। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে কিশোরীর মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

এসআরবি-৯ জানায়, মামলা হওয়ার পর পাবেল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে, সোমবার সান্ধায় ফুলবাড়ী একালায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

আপনার জেলার সংবাদ পড়তে