পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার পুলিশ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এর কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে থাকা মোহাম্মদ এনামুল হককে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। একই প্রতিষ্ঠানের ডিআইজি পরিতোষ ঘোষ, এনডিসিকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমান, বিপিএম-সেবাকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ওএসডি হিসেবে থাকা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ওই জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার মো. নূরুল আমীন হাওলাদারকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
সরকারের এই তিন আদেশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব আদেশ কার্যকর হবে অবিলম্বে।