বরিশালের মুলাদীতে বড় পীর আব্দুল কাদির জিলানীর (রহ.) জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মুলাদী উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দীন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা মো. দেলোয়ার হোসাঈন, মুলাদী দারুল হিকমাহ মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নাজমুল আকন, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, সহসভাপতি নজিবুর রহমান ভুইয়া কামাল। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর জীবন, কর্ম ও ফাতেহা-ই-ইয়াজদাহমের গুরুত্ব ও তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ সুসংহত করতে বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।