প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম
প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে আনতে গিয়ে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুরের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ক্ষেতলাল উপজেলার বাড়ইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (২৭) এবং আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলালের বাড়ইল গ্রামের আছের আলীর ছেলে প্রবাসী সুজন মিয়া ২৪ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে আনতে তার ঘনিষ্ঠ বন্ধু জুবায়েদুল ইসলামসহ পরিবারের ও আত্মীয়স্বজনের আরও সাতজন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মন্ডলের ভাড়া করা মাইক্রোবাসে ঢাকায় যান। বিমানবন্দর থেকে ফেরার পথে ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি সিরাজগঞ্জের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুবায়ের ইসলামের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতদের বাড়িতে গিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে