রাজশাহীতে

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. নাসরিন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিনকে গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টাশ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ জন কমেছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

আপনার জেলার সংবাদ পড়তে