সালাহ উদ্দিন আহমেদ তালুকদার, এক আলোকিত জীবনের অবসান

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৩ পিএম
সালাহ উদ্দিন আহমেদ তালুকদার, এক আলোকিত জীবনের অবসান

বরগুনার আমতলী-তালতলী জনপদের মানুষের কাছে সালাহ উদ্দিন আহমেদ তালুকদার ছিলেন একজন পরিচিত মুখ, মানবিক মানুষ এবং মেহনতী মানুষের আপনজন। তাঁর মৃত্যুতে দক্ষিণ জনপদের সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, বরং অসংখ্য মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। আমতলী ও আশপাশের এলাকার হাজারো মানুষ তাঁর কাছ থেকে চিকিৎসাসেবা ও সহযোগিতা পেয়েছেন। অসুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। কারও কষ্টের কথা শুনলে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ছিল তাঁর স্বভাবের অংশ। তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি ছিল সহজ-সরল জীবনযাপন, সাহসী মনোভাব এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। পদ-পদবি কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। তাই তাঁর পরিচয় কেবল একজন সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে সীমাবদ্ধ ছিল না; তিনি হয়ে উঠেছিলেন মেহনতী ও সাধারণ মানুষের প্রাণপ্রিয় একজন নেতা। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর আমতলী-তালতলীসহ বরগুনার বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোকবার্তায় ফুটে উঠেছে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। যাঁরা তাঁর কাছ থেকে কোনো না কোনোভাবে উপকার পেয়েছেন, তাঁদের স্মৃতিতে আজ বারবার ফিরে আসছে তাঁর মানবিক মুখটি। একজন মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তাঁর মৃত্যুর পর মানুষ তাঁকে কীভাবে স্মরণ করে, তার মধ্য দিয়ে। সেই বিচারে সালাহ উদ্দিন আহমেদ তালুকদার নিঃসন্দেহে একজন আলোকিত মানুষ। তাঁর সাহসী নেতৃত্ব, মানবিকতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং পারিবারিক রাজনৈতিক আদর্শ তাঁকে দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে।

আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। মানুষ চলে যায়, কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ থেকে যায়। সালাহ উদ্দিন আহমেদ তালুকদার-আপনি মানুষের হৃদয়েই বেঁচে থাকুন।

আপনার জেলার সংবাদ পড়তে