ঝিনাইদহের কোটচাঁদপুরে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। তবে একই সময়ে পরপর দুটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছানো এবং পুলিশের টহল গাড়ি সেখানে চলে আসায় ডাকাতদের কবল থেকে রক্ষা পেয়েছেন প্রায় শতাধিক যাত্রী। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতরা সড়কের পাশে কেটে রাখা গাছ এনে মহাসড়কের ওপর ফেলে ব্যারিকেড তৈরি করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল বাসটির দরজা খোলার চেষ্টা করে।
এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে চলে আসে। পরপর দুটি বাস চলে আসায় ৫-৬ জনের ডাকাতদল কিছুটা বিপাকে পড়ে যায়। একপর্যায়ে ডাকাতরা পূর্বাশা পরিবহনের একটি জানালার গ্লাস ভাঙচুর করে। এর মধ্যেই পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সড়কের পাশে কেটে রাখা গাছ এনে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। এ সময় দুটি পরিবহন পরপর ঘটনাস্থলে চলে আসে। পাশাপাশি পুলিশের টহল গাড়িও সেখানে পৌঁছে যায়। ফলে ডাকাতরা যাত্রীদের কোনো ক্ষতি করতে পারেনি। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মহাসড়কের ওপর ফেলে রাখা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে কোটচাঁদপুর মডেল থানার ওসি।