পটুয়াখালীতে

অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, নবজাতকের মৃত্যু

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ পিএম | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের বিরুদ্ধে তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্ত:স্বত্ত্বা নারীর পেটে লাথি ও তার স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদার (৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরই ওই নারীর গর্ভপাতের ঘটনা ঘটে এবং নবজাতকের মৃত্যু হয়। শনিবার রাত আটটায় চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব নিজেই একজন অটোচালক। রাত আটটার দিকে ওই ইউনিয়নের বেতমোর গ্রামের শ্বশুর বাড়ি থেকে হাবিব অটোচালিয়ে অন্ত:স্বত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আর মুন্সী বাড়ি স্টান্ড সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে ছিলো বখাটে সোহাগ (২০), মামুন ও শাওন সিকদার (২২)। তারা সড়কের উপর দাড়িয়ে থাকায় হাবিবের  অটোচালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এসময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাড়াতে বলে। এতে হাবিবের সঙ্গে বখাটেদের বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বখাটে দল তাদের মারধর শুরু করে। স্বামী ও পিতাকে বাঁচাতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয়া হয় এবং তাদের অন্তত দেড় ঘন্টা দাড়িয়ে রাখা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে প্রবেশ মুখে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষন পর নবজাতকের মৃত্যু হয়।  কিলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে