বাঘায় ২০টি শামুকখোল উদ্ধার, ৩ জনের জরিমানা ও কারাদন্ড

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪০ পিএম
বাঘায় ২০টি শামুকখোল উদ্ধার, ৩ জনের জরিমানা ও কারাদন্ড

রাজশাহীর বাঘায় ২০টি শামুকখোল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা ও কারাদন্ড করা হয়েছে। রোববার সকালে বাঘা বাজার এলাকা থেকে শামুকখোল উদ্ধার করে জরিমানা ও কারাদন্ড করা হয়েছে ।

জানা গেছে, বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৫), মিলিকবাঘা গ্রামের শহিদুজ্জামানের ছেলে সাকিবুর রহমান (২০), চন্ডিপুর গ্রামের জামাত আলীর ছেলে সাজের আলী (৪০) পদ্মার চর এলাকা থেকে ২০টি শামুকখোল পাখি ধরে এনে বাঘা এলাকায় বিক্রি করার জন্য নিয়ে আসেন। এ সময় বাঘা থানার পুলিশ তাদের আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বন্যপপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর আওতায় প্রত্যেককে তিন হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বিষযটি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০টি শামুকখোল পাখিকে প্রাথমিকভাবে বাঘা মাজার দিঘিতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে বন বিভাগের সহায়তায় রাজশাহী বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে প্রেরন করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে