ফ্যামিলি কার্ডে অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডেপুটি স্পিকার

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম
ফ্যামিলি কার্ডে অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত নির্দেশনামূলক সভায় তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে কোনোভাবেই দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। সমাজের সবচেয়ে প্রান্তিক, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে হবে। জরিপের কাজ শুরু করতে হবে ছাপরা ঘর, গৃহহীন ও অসহায় মানুষের বাড়ি থেকে।

তিনি বলেন, অতীতে অর্থের বিনিময় ও স্বজনপ্রীতির মাধ্যমে সচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হয়েছেন। এবার এ ধরনের অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না। ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহকারীদের সরকার নির্ধারিত সম্মানী দিচ্ছে। এর বাইরে কোনো অর্থ নেওয়া বা দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

সরকারি সেবা খুঁজুন

ডেপুটি স্পিকার আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনিয়ম বা দুর্নীতি থেকে কেউ পার পাবেন না। স্বজনপ্রীতি, চাঁদাবাজি কিংবা সরকারি কার্যক্রমে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় সীমান্ত এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী-বিশেষ করে গারো ও হাজং সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়। দুর্গম এলাকায় বসবাসরত মানুষের পানীয় জল, শিক্ষা ও বাসস্থানের সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। জরিপে নিয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলো ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

বক্তব্যের শেষদিকে দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরকে তিনি একটি ফুলের বাগান হিসেবে দেখেন এবং নিজেকে সেই বাগানের একজন ‘মালী’ মনে করেন। আগামী পাঁচ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে