নড়াইলের লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন এর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালে বুক চিতিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজ একটি মহল আমাদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, সেটি আমার সম্মান হানি করবার জন্য করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মানববন্ধনে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের বর্তমানের কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেই মুক্তিযোদ্ধা সংসদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বরাদ্দসহ কোনো কাজে দুর্নীতি-অনিয়ম হয়নি। দোকান বরাদ্দের সকল হিসাব-নিকাস রেজিলেশন করা আছে।
এই রেজিলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। নির্বাহী কর্মকর্তার মাধ্যমেই নিয়ম অনুযায়ী দোকান গুলো ডিডের মাধ্যমে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে ওই মানববন্ধনের তীব্র নিন্দা জানিয়েছেন। আহবায়ক সকল মুক্তিযোদ্ধাকে দ্বিধা-বিভেদ ভুলে ’৭১-এর মতো ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মীর মোক্তার আলী, যুগ্ম-আহব্বায়ক খান আব্দুল হক, সদস্য মোঃ মতিয়ার রহমান, লোহাগড়া উপজেলা কমান্ডের সদস্য সচিব শেখ সেলিম, লক্ষীপাশা ইউনিয়ন কমান্ডার মোঃ রেজাউল করিম খান, দিঘলিয়া ইউনিয়ন কমান্ডার মোঃ মোকাররম হোসেন, মল্লিকপুর ইউনিয়ন কমান্ডার নুর মোহাম্মদসহ উপজেলার ১২ ইউনিয়নের সকল কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।