চাঁদপুরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

সমন্বিত পরিকল্পনায় নাগরিক সেবা দেওয়ার প্রত্যয় নবাগত পৌর প্রশাসকের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম
সমন্বিত পরিকল্পনায় নাগরিক সেবা দেওয়ার প্রত্যয় নবাগত পৌর প্রশাসকের

সকল পক্ষের মতামত ও সমন্বিত কর্মপরিকল্পনাকে ভিত্তি করে চাঁদপুরের সর্বস্তরের নাগরিক সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন চাঁদপুর পৌরসভার নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী। নগরবাসীর দুর্ভোগ লাঘবে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের দৃঢ় প্রতিশ্রুতিও দেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত নগর সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, "চাঁদপুর পৌরসভার সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মূল্যবান পরামর্শ ও সহযোগিতাকে পাথেয় করে আমরা এগোতে চাই। নগরবাসীর বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি টেকসই ও সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।"

পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও নানা পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বি এম হান্নান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক আলম পলাশ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, আইনজীবী ইখতিয়ার উদ্দিন শিশু, চাঁদপুর শহর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি আক্তার ইশিতা, সমাজকর্মী তানিয়া ইসলাম এবং কে এম সালাউদ্দিনসহ অন্যান্য গুণীজনেরা।

মুক্ত আলোচনায় বক্তারা চাঁদপুর পৌরসভার বিদ্যমান নানা সংকট তুলে ধরেন। পৌর এলাকার ভগ্ন সড়কগুলোর দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, পয়ঃনিষ্কাশন নিশ্চিত করা, বর্ষার জলাবদ্ধতা দূরীকরণ, নিরবচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহ, শহরের প্রাণকেন্দ্রে তীব্র যানজট নিরসন, অবৈধ দখল থেকে ফুটপাত উদ্ধার, মশার কামড় ও ডেঙ্গু প্রতিরোধ এবং বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণের মতো জরুরি বিষয়গুলো সভার আলোচনায় গুরুত্ব পায়।

উন্মুক্ত এই আলোচনায় অংশগ্রহণকারীরা সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধিতে বিশেষ জোর দেন। নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী সহানুভূতির সঙ্গে সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুততম সময়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে