গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৭:১০ পিএম
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছেন তিনি। ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেও টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থামে তাঁর ইনিংস। এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় এই কিংবদন্তি। নাইটসের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি ওপেনার প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি করার পর পরের ১৬ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি। ৫৮ বলে ১৫০ রান ছোঁয়ার পর ইনিংস শেষ করেন ৭৯ বলে ১৮৮* রানে। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা, অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ১৩৮ রান। প্রিটোরিয়াসের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তোলে টাইটানস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও টাইটানসের-২০২২ সালে নাইটসের বিপক্ষেই ৩ উইকেটে ২৭১ রান করেছিল দলটি। ব্যক্তিগত ইনিংসের রেকর্ডেও নতুন উচ্চতায় উঠেছেন প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান, যা তিনি ২০২২ সালে নাইটসের বিপক্ষেই করেছিলেন। এ ছাড়া ৭৯ বল খেলে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল খেলা ইনিংসের রেকর্ডে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন প্রিটোরিয়াস। ২০২৬-২৭ মৌসুমে নিজের প্রথম ম্যাচেই এমন কীর্তি গড়লেন এই তরুণ ব্যাটার। এর আগে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তাঁর সর্বশেষ দুটি ইনিংসে রান ছিল যথাক্রমে ৯৪ ও ১০১। দক্ষিণ আফ্রিকার হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও টি-টোয়েন্টিতে এটি ছিল তাঁর ৯১তম ম্যাচ। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৫০.৪৪। মাত্র ২০ বছর বয়সেই গেইলের ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে ১৮৮ রানের নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস।