রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০১:২৬ পিএম
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। রামেক হাসপাতালে চিকিৎসাধীন ১৩৭ জন রোগী। রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ। হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত সাদেককে গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের রোববারের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সাদেকের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। তিনি ৩০ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আপনার জেলার সংবাদ পড়তে